স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে অংশীজন সভা করলো এটুআই
স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে এসপায়ার টু ইনোভেটের (এটুআই)র উদ্যোগে উদ্যোক্তা, ব্যবসায় সংগঠনের প্রতিনিধি, শিক্ষক ও গণমাধ্যমকর্মীদের নিয়ে রবিবার সকালে আইসটি টাওয়ারের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি (আইডিয়া) ফ্লোরে অনুষ্ঠিত হলো মতবিনিময় সভা। আইসিটি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিনের সভাপতিত্বের অনুষ্ঠানে এটুআই প্রকল্প পরিচালক মামুনুর রশীদ ভুঞা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর ভিসি ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম।
এছাড়াও আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক, ই-ক্যাব সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল, বেসিস পরিচালক আহমেদুল হক বাবু, বিআইজেএফ সভাপতি নাজনীন নাহার, টিএমজিবি সভাপতি মো. কাউছার উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত অংশীজনদের কাছ থেকে নিজ নিজ খাত থেকে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় উপদেশ, পরামর্শ, সুপারিশ ও প্রস্তাব আহ্বান করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আহমেদ পলক বলেন, সরকার এখন সবগুলো মাদরাসায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব নির্মাণ করছি। কেননা এরই মধ্যে লিভারেজিং আইসিটি থেকে প্রশিক্ষণ নিয়ে কওমী মাদরাসার শিক্ষার্থী মিনহাজ এখন তরুণদের আইকন হয়ে গেছে। এভাবেই স্মার্ট বাংলাদেশের সুযোগ থেকে কেউ বাদ যাবে না।
বক্তব্যে ২০১০ সালের ৩ আগস্ট ১ম ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্স সভা থেকে শুরু করে ২০২২ সালের ডিসেম্বরের স্মার্ট বাংলাদেশ মাস্টারপ্ল্যানের পরিকল্পনা গ্রহণের টাইমলাইন ও তা ধাপে ধাপে বাস্তবায়নের রূপরেখা তুলে ধরেন প্রতিমন্ত্রী।
স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভ স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য তুলে ধরে পলক জানান, স্মার্ট নাগরিক গড়ে তুলতে ২০২৫ সালের মধ্যে ২০ শতাংশের ডিজিটাল দক্ষতা, ৬০ শতাংশের ওপর স্মার্ট ডিভাইস ও ৩০ শতাংশের ওপর সেবা গ্রহণে স্মার্ট আইডির বাস্তবায়ন করা হবে। স্মার্ট অর্থনীতি গড়তে এগ্রোটেক, ফিনটেক, হেলথটেক, স্মার্ট গ্রিড, এডুটেক প্রাধান্য পাবে।
এসময় প্রযুক্তির মানবিক ব্যবহারের মাধ্যমে স্মার্ট মানবিক বিশ্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বললেন, আগামী সরকার হবে ডেটা ড্রিভেন (উপাত্ত নির্ভর) এবং সাশ্রয়ী ডিজিটাল পাবলিক ইনফাস্ট্রক্চারের ওপর। থাকবে স্মার্ট জননিরাপত্তা এবং নিরাপদ ক্লাউড। প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কারণে এই কাজটা করার সুযোগ আমরা পেয়েছি। তার ফলশ্রুতিতেই আমরা আজ আপনাদের মতামত চাচ্ছি।







